ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ সত্ত্বেও প্রত্যাশিত আয় না আসায় বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় পতন দেখা যাচ্ছে। এর ফলে বৃহস্পতিবার আমেরিকার শেয়ার বাজারে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট, অ্যামাজন এবং ইনটেলের শেয়ারে ধ্বস নামে।
অ্যালফাবেটের শেয়ার একদিনেই ১২ শতাংশেরও বেশি পড়ে যায়, যা সংস্থাটির ইতিহাসে এক দিনে সর্বোচ্চ পতন। এর ফলে সংস্থাটির বাজারমূল্য থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার উধাও হয়ে যায়। অ্যালফাবেটের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। এআই পরিকাঠামো তৈরিতে বিপুল খরচের কারণে সংস্থাটির নগদ অর্থের জোগানও চাপের মুখে পড়েছে। আর্থিক তৃতীয় ত্রৈমাসিকে অ্যালফাবেট মূলধনী খরচ ছিল ৫১.৪ বিলিয়ন ডলার।
পাশাপাশি, ব্যবহারকারীরা এআই চ্যাটবটের দিকে ঝুঁকলে গুগলের সার্চ বিজ্ঞাপন ব্যবসা থেকে আয় কমে যাওয়ার আশঙ্কাও লগ্নিকারীদের ভাবাচ্ছে। অ্যামাজনের শেয়ারও ৭ শতাংশের বেশি পড়েছে, যার পিছনে এআই পরিকাঠামোয় বিপুল খরচ একটি বড় কারণ।
অন্যদিকে, ইনটেলের শেয়ারে প্রায় ২৩ শতাংশ পতনের কারণ হিসেবে ব্যক্তিগত কম্পিউটারের বাজারে অস্থিরতা, উৎপাদন সমস্যা এবং কারখানার সম্প্রসারণে অতিরিক্ত খরচকে দায়ী করা হচ্ছে।
এই ঘটনা প্রযুক্তি শিল্পে একটি বড় প্রশ্ন তুলেছে: এআইতে বিপুল বিনিয়োগ কি সংস্থাগুলির আয় বৃদ্ধিতে সমানভাবে সাহায্য করবে? বিনিয়োগের তুলনায় আয় ও মুনাফা যথেষ্ট না বাড়লে শেয়ার বাজারে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








