তীব্র গরমে স্বস্তি! দক্ষিণবঙ্গের ২ জেলায় কমলা সতর্কতা, ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস

তীব্র গরমে স্বস্তি! দক্ষিণবঙ্গের ২ জেলায় কমলা সতর্কতা জারি। ৬০ কিমি বেগে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই সূর্যের প্রখর তাপে জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় জারি করা হয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনাতেও তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী বুধবারও উত্তরবঙ্গে একইরকম আবহাওয়া বজায় থাকবে, তবে বাতাসের গতিবেগ কিছুটা বেড়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে, যা আগামী ২-৩ দিনের মধ্যে আরও অনুকূল পরিস্থিতি তৈরি করবে।