তাপপ্রবাহের অবসান, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির পূর্বাভাস; স্বস্তির খবর বঙ্গবাসীর জন্য

তাপপ্রবাহের অবসান! দক্ষিণবঙ্গের ৩ জেলায় উদুম বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের ও আগামীকালের আবহাওয়া জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ প্রচণ্ড তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহের দাপট কাটিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বুধবার থেকে শুরু হয়েছে কালবৈশাখী ও ভারী বৃষ্টি। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে এই বৃষ্টিপাত। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ২২ মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা থাকছে। সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়া মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে এবং গরমের অস্বস্তি থেকে মুক্তি মিলবে।