দক্ষিণবঙ্গে লু-এর মতো গরম হাওয়া, তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি; উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, লু-এর মতো গরম হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Share:

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পর্ব কাটিয়ে এবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছাবে। শনিবার পর্যন্ত ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম ভারতের রাজস্থান থেকে আসা গরম হাওয়া ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড হয়ে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করছে। এই জেলাগুলিতে বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত লু-এর মতো উষ্ণ হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি জলীয় বাষ্পের অস্বস্তি বাড়বে। আগামী দু’দিন জেলায় জেলায় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ বিপরীত। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে শনিবারের পর উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে এবং বেলা বাড়লে তীব্র রোদের সঙ্গে চরম অস্বস্তি অনুভূত হবে।