বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, বিধানসভার সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম

শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে শপথ নিলেন। বিধানসভায় প্রবেশের আগে নতজানু হয়ে প্রণাম ও পুজো করেন। অন্যান্য বিধায়করাও শপথ নেন। প্রোটেম স্পিকার তাপস রায় শপথবাক্য পাঠ করান।

Share:

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বুধবার, ১৩ মে, ২০২৬ তারিখে ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। এই শপথগ্রহণ পর্বকে ঘিরে রাজনৈতিক মহলে ছিল যথেষ্ট কৌতূহল। বিধানসভায় প্রবেশের পূর্বে শুভেন্দু অধিকারী অত্যন্ত বিনয়ের সঙ্গে নতজানু হয়ে সিঁড়িতে প্রণাম করেন। এরপর তিনি বিধানসভা ভবনের ভিতরে প্রবেশ করে পুজোও করেন। এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও তিনি নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী প্রথমেই সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর শপথ গ্রহণের পর একে একে দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক-সহ অন্যান্য নবনির্বাচিত বিধায়করা শপথ নেন। তাঁদের সকলকে শপথবাক্য পাঠ করান স্পিকার তাপস রায়। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বিধানসভা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, এদিন প্রথমার্ধে সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে উত্তরবঙ্গের ৯টি জেলা এবং মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। এরপর দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার আরও ৮০ জন বিধায়কের শপথ নেওয়ার কথা ছিল। আগামী বৃহস্পতিবার বাকি ১১টি জেলার বিধায়করা শপথ নেবেন বলে বিধানসভা সূত্রে জানানো হয়েছে। সকল বিধায়ককেই প্রোটেম স্পিকার তাপস রায় শপথবাক্য পাঠ করাবেন। নতুন বিধায়কদের শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের নতুন বিধানসভার কার্যকাল আনুষ্ঠানিকভাবে শুরু হল।