ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় জীবনদায়ী অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিতে ব্যর্থ হওয়ায় মেট্রো হাসপাতালকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল দিল্লির ক্রেতা সুরক্ষা আদালত। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছিলেন রোগীর পরিবার। ঘটনাটি ঘটে ২০১৩ সালে। সুরেশ কুমার নামে এক রোগী হার্টের চিকিৎসার জন্য মেট্রো হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর স্ট্রোক হয়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হয়।
অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জীবনদায়ী অ্যাম্বুলেন্স বা সঙ্গে দেওয়ার জন্য কোনও চিকিৎসক দিতে রাজি হয়নি। ফলে রোগীর পরিবারকে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। অবশেষে তাঁরা নিজেরাই অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ক্রেতা সুরক্ষা কমিশন এই মামলায় হাসপাতালের আচরণকে গাফিলতি বলে মনে করেছে।
আদালত জানিয়েছে, হাসপাতাল শুধু চিকিৎসার মধ্যেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখতে পারে না। রোগীর নিরাপত্তা ও ধারাবাহিক চিকিৎসার জন্য প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হাসপাতালের কর্তব্য। বিশেষ করে যে সব হাসপাতাল মোটা টাকা নেয়, তাদের কাছে জরুরি পরিষেবার এই দিকটি ঐচ্ছিক হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল।
তারা জানায়, রোগীর পরিবার স্বেচ্ছায় অন্য হাসপাতালে যেতে চেয়েছিল। কিন্তু আদালত সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে এই যুক্তি মানতে চায়নি। শেষ পর্যন্ত, রোগীর পরিবারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে।









