ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে এবার বড়সড় চাকরির সংকট অস্ট্রেলিয়ায়! দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা Qantas প্রায় ৮৫০টি স্থানীয় কর্পোরেট পদে কর্মী ছাঁটাই করে সেই কাজের বড় অংশ ভারতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। এই দায়িত্ব দেওয়া হচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি ও পরামর্শদাতা সংস্থা Accenture-কে।
BBC-র প্রতিবেদন অনুযায়ী, Qantas-এর সিইও ভ্যানেসা হাডসন মঙ্গলবার কর্মীদের পাঠানো একটি অভ্যন্তরীণ ইমেলে এই সিদ্ধান্তের কথা জানান। ২০২৭ সালের মাঝামাঝি থেকে শুরু হবে কর্মী ছাঁটাই ও কাজ স্থানান্তরের প্রক্রিয়া। মূলত ফিনান্স, প্রোকিওরমেন্ট, মানবসম্পদ এবং মার্কেটিং বিভাগের কাজ এই পরিকল্পনার আওতায় রয়েছে।
সংস্থার দাবি, প্রযুক্তি ও AI-এর দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং পুরনো IT পরিকাঠামো আধুনিক করতে এই পদক্ষেপ জরুরি। Qantas জানিয়েছে, তাদের বার্ষিক প্রযুক্তি খাতে ব্যয় ১০০ কোটি অস্ট্রেলীয় ডলারেরও বেশি। ইতিমধ্যেই সংস্থার হাজার হাজার কর্মী দৈনন্দিন কাজে AI ব্যবহার করছেন।
তবে এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার কর্মসংস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে ভারতের IT ও পরিষেবা ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ার সম্ভাবনা, অন্যদিকে অস্ট্রেলিয়ার স্থানীয় কর্মীদের চাকরি হারানোর আশঙ্কা—দুইয়ের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।









