ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের উত্তাপ! সৌদি আরবের রাজধানী রিয়াধে মঙ্গলবার একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়াল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বিস্ফোরণের শব্দ শোনার পর শহরবাসীর মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্রানুযায়ী, রাজধানীর বিভিন্ন প্রান্তে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট সোশ্যাল মিডিয়ায় জানায়, হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে ধ্বংস করা হয়েছে। পরে সৌদি নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, বিপদের আশঙ্কা কেটে গিয়েছে।
শুধু রিয়াধ নয়, দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে সামরিক জোট। সেটিও প্রতিহত করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত আরামকো টাওয়ারেও হামলার অভিযোগ উঠেছিল। সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলার চেষ্টার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের খবর মেলেনি।
গত জুলাইয়ে ইয়েমেন সংঘাতের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথি হামলার ঘটনা বেড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।









