ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্যাটসাওড়া গ্রামে এক গর্ভবতী গাভী হত্যার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের একাধিক বাড়ি থেকে গরু চুরির অভিযোগও উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ফরিদপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং অবিলম্বে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী পায়েল ব্যানার্জি জানান, প্যাটসাওড়া এবং পাশের যমুনা গ্রামে পরপর এই ধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘এক গর্ভবতী গাভীকে কেটে যমুনা গ্রামে ফেলে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদ জানাতেই পরের দিন ওই গাভীটিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, অষ্টমীর রাতে প্যাটসাওড়া গ্রাম থেকে একটি গাভী চুরি হয়ে গেছে। দেওয়াল টপকে এই চুরি সংগঠিত হয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ইচ্ছাপুরের কিছু ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেছেন পায়েল ব্যানার্জি। তিনি জানান, ঘটনার পর তিনি স্থানীয় বিধায়কের পিএ-কে জানালেও কোনও সুরাহা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে ফোন করলেও কোনও সাড়া মেলেনি।
স্থানীয় নেতৃত্বের কাছেও জানানো হয়েছে, কিন্তু তারা পুজোর ব্যস্ততার কারণ দেখিয়ে পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গরু চুরি ও হত্যার মতো ঘটনা বন্ধ করতে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি থানায় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে থানা ঘেরাও করা হবে। মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা বন্ধের নির্দেশ দিয়েছেন, তাই অবিলম্বে এর প্রতিকার চান তারা।









