দাম্পত্য সম্পর্কে সন্দেহ ও পরকীয়ার অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য ঝাড়খণ্ড হাইকোর্টের

স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের কথা বলা মানেই বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়, এই অভিযোগ মানসিক অত্যাচার। ঝাড়খণ্ড হাইকোর্টের এমনই রায়।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: শুধুমাত্র অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বলেছেন স্ত্রী, এই যুক্তিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনা এবং বিবাহবিচ্ছেদের আবেদন করাকে মানসিক অত্যাচার বলে আখ্যা দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রধান বিচারপতি এমএস সোনাক এবং বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়।

আদালত স্পষ্ট করে যে, এই ধরনের অভিযোগ লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণার প্রতিফলন, যেখানে একজন মহিলা কোনও পুরুষের সঙ্গে কথা বললেই তাকে ব্যভিচারিণী বা অনৈতিক সম্পর্কে লিপ্ত বলে ধরে নেওয়া হয়। ঘটনাটি এক দম্পতির। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয় এবং দুই সন্তান রয়েছে। ২০২১ সালে স্বামী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী এক পুরুষের সঙ্গে ফোনে নিয়মিত কথা বলেন, যা তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে মনে করেন। এরপরই স্ত্রী ২০১৭ সালে বাপেরবাড়িতে চলে যান। অন্যদিকে, স্ত্রী অভিযোগ করেন যে, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁকে শ্বশুরবাড়িতে অত্যাচার করা হত। নিম্ন আদালত স্ত্রীর পক্ষেই রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে স্বামী হাইকোর্টে আবেদন করেন। কিন্তু হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে। আদালত জানায়, স্বামীর আনা অভিযোগের স্বপক্ষে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এমনকি, তাঁর দুই সহকর্মী ও বন্ধুর সাক্ষ্যও সন্দেহজনক বলে মনে হয়েছে।

আদালত আরও জানায়, স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের যে আবেদন করা হয়েছিল, তা প্রমাণ করতে স্বামী ব্যর্থ হয়েছেন। স্ত্রী যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তার কারণ হিসেবেও স্বামীর তরফ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই ধরনের অভিযোগকে মানসিক অত্যাচার হিসেবে গণ্য করে হাইকোর্ট স্বামীর আবেদন খারিজ করে দেয়।