ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মেনোপজ মানেই কি শুধুই বয়স বাড়ার স্বাভাবিক পরিবর্তন? এবার সেই ধারণা বদলাতে বড় পদক্ষেপ কর্ণাটক সরকারের! ৩৫ বছর বা তার বেশি বয়সি মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে বিশেষ স্বাস্থ্য কর্মসূচি ‘ঋতু তারা’ (RUTHU TAARE)। মেনোপজের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ের স্বাস্থ্য সমস্যায় চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রাথমিকভাবে দক্ষিণ কন্নড় জেলায় তিন মাসের পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে এই কর্মসূচি। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, তালুক ও জেলা হাসপাতাল এবং নির্দিষ্ট মেডিক্যাল কলেজে হবে বিশেষ স্বাস্থ্য পরিষেবা। প্রতি বুধবার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে এবং শনিবার মেডিক্যাল কলেজে বিশেষ ক্লিনিকের পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচিতে মহিলাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা এবং স্তন ও জরায়ুমুখের ক্যানসার সংক্রান্ত স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পরামর্শ, পুষ্টি সংক্রান্ত সহায়তা, হাড়ের যত্ন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থাও থাকছে। তৈরি করা হবে বিশেষ ‘মিড-লাইফ হেলথ কার্ড’, যার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী চিকিৎসার তথ্য রাখা যাবে।
আশাকর্মীরাও এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তিন মাসের পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল পর্যালোচনা করে ধাপে ধাপে গোটা রাজ্যে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।









