ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ডলারের দাপটের মধ্যেই সামান্য স্বস্তি ভারতীয় মুদ্রাবাজারে! শুক্রবার সকালে মার্কিন ডলারের তুলনায় ৭ পয়সা বেড়ে ৯৪.০৫-এ পৌঁছল ভারতীয় টাকা। বৃহস্পতিবার দিনের শেষে ডলারের নিরিখে রুপির দর ছিল ৯৪.১২। অর্থাৎ আগের দিনের বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়াল ভারতীয় মুদ্রা।
আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে শুক্রবার সকালে ৯৪.০৭-এ খুলেছিল টাকা। পরে কিছুটা শক্তি ফিরে পেয়ে ৯৪.০৫-এ পৌঁছয়। বিদেশি বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি রুপিকে শক্তি জুগিয়েছে।
তবে পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নয়। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ভারতীয় মুদ্রার উত্থানে বাধা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগের প্রবাহ এবং অপরিশোধিত তেলের দামের ওঠানামা আগামী দিনে রুপির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিকে অক্টোবর মাসে ভারতের খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে ৬.০৯ শতাংশ হয়েছে, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৬ শতাংশের উপরে। ফলে আগামী দিনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়েও বাজারে আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে শুক্রবার সকালে সেনসেক্স ৪৬০ পয়েন্ট এবং নিফটি ১৭৯ পয়েন্টেরও বেশি পড়ে যায়। ফলে রুপির সামান্য উত্থান সত্ত্বেও শেয়ারবাজারে স্বস্তি ফেরেনি।








