ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মুর্শিদাবাদের নওদায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ৯ বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে খুন করেছে ১৪ বছরের এক কিশোরী। সোনার গয়নার লোভেই এই ভয়ঙ্কর অপরাধ বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে নওদা থানার অন্তর্গত বালি গ্রামে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল ৯ বছরের মল্লিকা খাতুন। তার বাবা-মা ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিলেন, সেই সুযোগে প্রতিবেশী ওই কিশোরী বাড়িতে ঢোকে। আত্মীয় হওয়ায় মল্লিকা তাকে বাধা দেয়নি। অভিযোগ, এরপরই শ্বাসরোধ করে মল্লিকার মৃত্যু নিশ্চিত করে অভিযুক্ত কিশোরী। শুধু তাই নয়, দেহ ক্ষতবিক্ষত করে খাটের নীচে লুকিয়ে রাখে। বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে মল্লিকার বাবা-মা তাকে খুঁজতে শুরু করেন। পরে প্রতিবেশীর বাড়িতে তল্লাশি চালাতেই খাটের নিচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর নওদা থানার পুলিশ অভিযুক্ত ১৪ বছরের কিশোরীকে গ্রেফতার করে। জেরায় সে সোনার গয়নার লোভে এই খুন করেছে বলে স্বীকার করেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরী একা থাকত এবং তার আগেও বিভিন্ন কুকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে শুক্রবার বহরমপুরের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এত অল্প বয়সে এমন নৃশংস অপরাধ সমাজের জন্য এক বড় প্রশ্নচিহ্ন।








