ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের জন্য বড়সড় সুখবর! প্রস্তাবিত ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে (BTA) প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় ভারতকে শুল্কের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিল ওয়াশিংটন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত করার আলোচনা চলার মধ্যেই এই আশ্বাসকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাণিজ্য মহল।
এক সরকারি আধিকারিকের বক্তব্য অনুযায়ী, আমেরিকা আশ্বাস দিয়েছে, চুক্তির আওতায় ভারতের পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগী অর্থনীতিগুলির তুলনায় সুবিধাজনক শুল্ক কাঠামো রাখা হবে। তবে ঠিক কতটা সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করবে চূড়ান্ত শুল্ক কাঠামোর উপর।
বর্তমানে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দফতর USTR-এর দ্বিতীয় পর্যায়ের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে ভারত। এই তদন্তে ৬০টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করার ক্ষেত্রে দেশগুলির পদক্ষেপ খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তের ফলাফল ভারতের উপর চূড়ান্ত শুল্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ভারতের লক্ষ্য চলতি অর্থবর্ষের শেষের মধ্যে চুক্তির প্রথম পর্যায় সম্পন্ন করা। প্রাথমিক চুক্তিতে মূলত পণ্য বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিষেবা ক্ষেত্রের বিষয়গুলি পরবর্তী পর্যায়ের আলোচনায় অন্তর্ভুক্ত হবে।
পাশাপাশি ভবিষ্যতে আমেরিকা চুক্তির বাইরে অতিরিক্ত শুল্ক চাপালে ভারতও নিজের দেওয়া বাণিজ্যিক সুবিধা পুনর্বিবেচনা করতে পারবে, এমন সুরক্ষার বিষয়েও আলোচনা চলছে।
সব মিলিয়ে, ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিন বাজারে প্রতিযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে এই চুক্তির মাধ্যমে।








