মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর! কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশের গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল! শনিবার সকালে ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় দেড় ঘণ্টার অচলাবস্থার পর অবশেষে স্বাভাবিক হল যান চলাচল।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায়। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। জানা গিয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে প্রথমে বিভিন্ন কারখানার ভিতরে প্রতিবাদ জানান শ্রমিকরা। পরে তাঁরা একজোট হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট তৈরি হয় এবং যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিল্প পুলিশ, জেলা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকাল ১১টা নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক পয়েন্টে অবরোধ হয়েছিল। পরে চন্দ্রা-কোনাবাড়ী অংশেও পরিস্থিতি স্বাভাবিক হয়।