ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: অন্ডালের শিদুলি চাতরা বাগে এক ভয়াবহ ধসের ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুহূর্তের মধ্যে মাটির নিচে তলিয়ে গেল রমা ভূঁইয়ার আস্ত বাড়ি, তবে সৌভাগ্যবশত প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সকল সদস্য। এই আকস্মিক বিপর্যয়ে পরিবারটি এখন আশ্রয়হীন, তাদের মাথা গোঁজার ঠাঁই নিয়ে বড়সড় সংকট তৈরি হয়েছে।
শনিবার হঠাৎ করেই চাতরা বাগ এলাকায় মাটিতে ফাটল দেখা দেয়। প্রথমে ছোট ফাটল, তারপর দ্রুত মাটি বসে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ধসে পড়ে রমা ভূঁইয়ার বাড়ি, টিভি, খাট, আলমারি সহ সমস্ত গৃহস্থালির সামগ্রী মাটির নিচে চলে যায়। মাটি কাঁপতে শুরু করতেই পরিবারের সদস্যরা কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন, ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, কয়লা খনির বালি দিয়ে সঠিক ভরাট না হওয়ার কারণেই এই ধস। এই এলাকা ধসপ্রবণ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও স্থায়ী সমাধান করেনি। এর আগেও ছোট-বড় ধসের ঘটনা ঘটলেও খনি কর্তৃপক্ষের গাফিলতিতেই বারবার এমন বিপর্যয় ঘটছে বলে দাবি এলাকাবাসীর।
এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ধসপ্রবণ এলাকার সমীক্ষা, বালি দিয়ে ভরাট এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রেখেছেন। কোলিয়ারি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। অন্ডালের এই ঘটনা ফের একবার কয়লাঞ্চলের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।









