চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! বাদকুল্লায় ভাসানের সময় মৃত্যু স্কুলছাত্রীর

নদিয়ার বাদকুল্লায় কালীপুজোর ভাসানে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জড়িয়ে প্রাণ হারাল ১৮ বছরের স্কুলছাত্রী দিয়া সরকার। এলাকায় শোকের ছায়া, পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬:  নদিয়ার বাদকুল্লায় কালীপুজোর ভাসানে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুলছাত্রী। জেনারেটরের খোলা অংশে চুল জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, যা গোটা এলাকায় গভীর শোকের ছায়া নামিয়েছে। এই ঘটনা আবারও ভাসানের সময় সুরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

মৃতার নাম দিয়া সরকার, বয়স আনুমানিক ১৮ বছর। সে বাপুজি নগর হাই স্কুলের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শুভশ্রী সংঘের কালীপুজোর প্রতিমা বিসর্জন দিয়ে ফিরছিল ভাসানের দল। আনন্দমুখর পরিবেশে হঠাৎই ঘটে এই চরম বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাসানের গাড়িতে আলো ও সাউন্ডের জন্য জেনারেটর বসানো ছিল। গাড়ির পাশেই দাঁড়িয়েছিল দিয়া। হঠাৎই জেনারেটরের ঘূর্ণায়মান অংশে তার চুল জড়িয়ে যায়। সজোরে মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে দিয়া। স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সব শেষ। খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ভাসানের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পুলিশ ইতিমধ্যেই ভাসানে ব্যবহৃত গাড়ি ও জেনারেটর আটক করে তদন্ত শুরু করেছে।

জেনারেটরটি কীভাবে বসানো হয়েছিল এবং সুরক্ষাব্যবস্থা ছিল কিনা, কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জেনারেটর খোলা অবস্থায় রাখার বিপদ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুজো কমিটিগুলির আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন। দিয়ার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের আবহ।