ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় ভয়ে কাঁপছে পাকিস্তানের কুখ্যাত জঙ্গি নেতারা।
ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর নিয়ন্ত্রণাধীন অত্যন্ত সুরক্ষিত ‘সেফ হাউসে’ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত এক সপ্তাহে এই দুই জঙ্গি নেতাকে তাদের পরিচিত আস্তানা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে এনডিটিভি-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, হাফিজ সইদকে লাহোরের জোহর টাউনের বাড়ি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, যা পাকিস্তান সেনার সদর দফতরের কাছাকাছি। অন্যদিকে, মাসুদ আজহারকে সিন্ধ প্রদেশের নবাবশাহর একটি বিশেষ সুরক্ষিত কম্পাউন্ডে সরানো হয়েছে। নিরাপত্তার কারণে তাদের গতিবিধি এবং বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানে আশ্রয়ে থাকা জঙ্গিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ওই অভিযানে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্দিষ্ট হামলা চালিয়েছিল।
এর পাশাপাশি, গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে ভারতবিরোধী একাধিক জঙ্গি ও অপারেটিভ রহস্যজনকভাবে নিহত হয়েছেন, যা পাক নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বাড়িয়েছে। যদিও পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে হাফিজ সইদ জেলে সাজা ভোগ করছেন এবং মাসুদ আজহার নিখোঁজ অথবা আফগানিস্তানে পালিয়ে গিয়েছেন। তবে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই বক্তব্য আসলে আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল মাত্র।









