ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬ : মার্কিন হামলার আশঙ্কায় পরমাণু বোমা বিস্ফোরণ থেকে বাঁচার উপায় শেখাচ্ছে ইরান। সম্প্রতি ইরানের জাতীয় টেলিভিশনে ৮ মিনিটের একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে নাগরিকদের শেখানো হচ্ছে কীভাবে পারমাণবিক হামলার মুখে নিজেদের রক্ষা করা যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে তেহরানে পরমাণু বোমা ফেলতে পারেন, সাংবাদিক টাকার কার্লসনের এমন বিস্ফোরক দাবির পরই এই ভিডিও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
ইরানি সিভিল ডিফেন্স দফতরের তৈরি এই অ্যাডভাইসারি ভিডিওতে বলা হয়েছে, পরমাণু বোমা বিস্ফোরণের তীব্র ঝলকানির দিকে সরাসরি তাকানো যাবে না, কারণ এতে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাইরে থাকলে দ্রুত কাছাকাছি কোনও বিল্ডিংয়ের ভেতরে ঢুকে উল্টো হয়ে শুয়ে পড়তে হবে। বিস্ফোরণ টের পেলেই সঙ্গে সঙ্গে দরজা, জানালা ও এসি বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্ফোরণের পর প্রাণে বেঁচে গেলে কী করতে হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়েছে, শরীরের সবচেয়ে বাইরের জামাকাপড় খুলে সিল করা বাক্সে রেখে দিতে হবে, যাতে তেজস্ক্রিয় ধুলো ছড়াতে না পারে। এরপর উষ্ণ গরম জল ও সাবান-শ্যাম্পু দিয়ে চুল ও শরীর ভালো করে ধুয়ে নিতে হবে। শুধুমাত্র সিল করা বোতলের জল পান করতে হবে এবং বাইরে রাখা কোনও খাবার খাওয়া যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও এগুলি প্রাথমিক সুরক্ষার পদক্ষেপ, তবে পারমাণবিক হামলার ভয়াবহতা থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়া অত্যন্ত কঠিন। বিস্ফোরণের পর ২৪ থেকে ৭২ ঘণ্টা বাড়ির ভেতরেই থাকতে হবে, যতক্ষণ না সিভিল ডিফেন্স কর্মীরা এসে উদ্ধার করে। এই নির্দেশিকাগুলি পারমাণবিক হামলার প্রাথমিক প্রভাব থেকে কিছুটা বাঁচতে সাহায্য করলেও, লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।









