ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: বিরাট বড় ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। ব্রেকিং সিস্টেম কাজ না করা সত্ত্বেও ৪৬৩ কিলোমিটার পথ ছুটল এই অত্যাধুনিক ট্রেনটি। দিন কয়েক আগেই কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনার পর এই খবর সামনে আসতেই রেলের নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠেছে। কর্মীদের চরম গাফিলতির ছবিও স্পষ্ট হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনে গত ২৪ অক্টোবর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, একটি বন্দে ভারত চেয়ার কারের রেক মালগাড়িতে করে ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তর প্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেন ছাড়ার আগেই কর্মীরা ব্রেকের সমস্যার কথা জানিয়েছিলেন, কিন্তু সেই সতর্কবার্তায় কেউ কান দেননি। লোকো পাইলট ট্রেন নিয়ে রওনা দেওয়ার পর ব্রেক পাওয়ার টেস্ট করে বুঝতে পারেন যে ব্রেকিং সিস্টেম প্রায় একেবারেই অচল। তিনি রাঁচী পৌঁছে লিখিত অভিযোগ জানান। এরপরও ট্রেনটিকে উত্তর প্রদেশ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মুরি স্টেশন থেকে ট্রেনটি নিয়ে যাওয়া আরেকজন লোকো পাইলটও ব্রেকের সমস্যা নিয়ে কন্ট্রোলারের কাছে অভিযোগ করেন। তিনি রিপোর্টে উল্লেখ করেন যে ব্রেক পাইপ প্রেশার
কমানোর পরও ব্রেক কাজ করছে না। অবশেষে দীন দয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছলে রেল কর্মীরা পরীক্ষা করে দেখেন যে ট্রেনের সমস্ত কোচের ব্রেকিং সিস্টেমই অচল ছিল। শুধুমাত্র ইঞ্জিনের ব্রেক কাজ করছিল। গোটা ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নাহলে হাজার হাজার যাত্রীর প্রাণ বিপন্ন হতে পারত, যা রেলের সুরক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।









