ঋণের ফাঁদে গরিব দেশ! ধার মেটাতেই নিঃস্ব হচ্ছে অর্থনীতি

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দরিদ্র দেশগুলির বৈদেশিক ঋণ রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তারা নতুন ঋণের চেয়ে পুরোনো ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে, যা আর্থিক সংকট বাড়াচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: উন্নয়নের স্বপ্নে ঋণ নিয়েছিল একাধিক দরিদ্র ও উন্নয়নশীল দেশ। কিন্তু সেই ঋণ শোধ করতে গিয়েই এখন আরও গভীর আর্থিক সংকটে ডুবছে তারা। পরিস্থিতি এমনই যে, নতুন করে যত টাকা ঋণ আসছে, তার চেয়ে অনেক বেশি অর্থ চলে যাচ্ছে পুরনো ঋণের কিস্তি ও সুদ মেটাতে। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই উদ্বেগজনক ছবি।

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির মোট বৈদেশিক ঋণের পরিমাণ রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ওই বছর ঋণের আসল ও সুদ বাবদ দেশগুলিকে খরচ করতে হয়েছে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় এই ব্যয় বেড়েছে ১.৯ শতাংশ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই দেশগুলি নতুন অর্থায়নের তুলনায় প্রায় ৪৩৬.১ বিলিয়ন ডলার বেশি ঋণ পরিশোধ করেছে। অর্থাৎ, নতুন ঋণ উন্নয়নের কাজে লাগার বদলে পুরনো দেনা মেটাতেই চলে যাচ্ছে।

বিশেষ করে সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য ঋণ নেওয়া ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে। ২০২৫ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA-র আওতাভুক্ত দেশগুলিকে নতুন ঋণের জন্য গড়ে ৮.২ শতাংশ সুদ দিতে হয়েছে, যা ১৯৮০-র দশকের শেষভাগের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক বন্ডের ক্ষেত্রে সুদের হার পৌঁছেছে ৯.৪ শতাংশে।

অন্যদিকে, বেসরকারি ঋণদাতাদের কাছে উন্নয়নশীল দেশগুলির দেনা বেড়ে ৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ঋণের বোঝা বাড়ার পাশাপাশি বাড়ছে পুনরায় ঋণ নেওয়ার প্রবণতাও।

বিশ্বব্যাঙ্কের আশঙ্কা, এভাবে ঋণ পরিশোধের খরচ বাড়তে থাকলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারি ব্যয় কমাতে বাধ্য হবে দেশগুলি। ফলে উন্নয়নের জন্য নেওয়া ঋণই শেষ পর্যন্ত উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।