ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালকদের সর্বসম্মত সমর্থনে তিনি আবারও এই শীর্ষ পদে বসলেন, যা তাঁর নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক ক্রিকেট মহলের আস্থারই প্রতিফলন। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করার লক্ষ্য নিয়েছে আইসিসি।
বিশ্বজুড়ে খেলার জনপ্রিয়তা বৃদ্ধি, দর্শকদের আরও বেশি করে ক্রিকেটের প্রতি আগ্রহী করা এবং বাণিজ্যিক দিক থেকে খেলাকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে একটি বড় সুযোগ হিসেবে দেখছে আইসিসি, যা খেলার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে জয় শাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আইসিসি বোর্ড আমার উপর আস্থা রাখায় আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাই।
শুধু বড় প্রতিযোগিতা আয়োজন করাই নয়, ক্রিকেটের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, সেই দিকেও আমার বিশেষ নজর থাকবে।” ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, আইসিসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রোজ রিভাজ এবং জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুখুলহানি সহ একাধিক শীর্ষ কর্মকর্তা জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা সকলেই আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাঁর দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়েছেন।









