ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পূর্ব এশিয়ায়। মঙ্গলবার ভোরে সন্দেহভাজন দুটি রুশ বিমান জাপানের আকাশসীমায় ঢুকে পড়ে বলে জানিয়েছে টোকিও। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত যুদ্ধবিমান পাঠায় জাপানের আত্মরক্ষা বাহিনী। পাশাপাশি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মস্কোর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১২ মিনিটের মধ্যে ফুকুওকা প্রদেশের ওকিনোশিমা দ্বীপের উত্তর-পশ্চিমে দুটি বিমান পৃথকভাবে জাপানের আকাশসীমায় প্রবেশ করে। প্রথম বিমানটি প্রায় তিন মিনিট এবং দ্বিতীয়টি প্রায় তিন মিনিট আকাশসীমায় ছিল। জাপানি যুদ্ধবিমানগুলি রেডিও বার্তার মাধ্যমে বিমান দুটিকে সতর্ক করে। পরে সেগুলি তসুশিমা প্রণালী পেরিয়ে ইয়োনাগুনি দ্বীপ ও তাইওয়ানের মাঝের জলপথ ধরে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে রাশিয়ার কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছে টোকিও।
এদিকে, একই সময়ে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। তবে দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি বিমানগুলি।









