ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: কানাডায় বিলাসবহুল গাড়ি চুরির আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস! এই ঘটনায় আট নাইজেরীয়-সহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে কানাডার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে চুরি করা দামি গাড়ি পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে পাচারের অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া ৯৬টি বিলাসবহুল গাড়ির আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ডলার।
কানাডার অন্টারিও প্রদেশের পিল আঞ্চলিক পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গাড়িগুলি শিপিং কনটেনারে লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলি কানাডার বিভিন্ন বন্দরের মাধ্যমে বিদেশে পাঠানোর পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের ধারণা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ২৩১টি অভিযোগ আনা হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
গত মার্চ মাসে একটি গুদামে চুরি হওয়া গাড়ি মজুত রাখার সন্দেহ থেকে তদন্ত শুরু হয়। কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে কয়েক মাস ধরে অভিযান চালান তদন্তকারীরা। তাঁদের দাবি, পাঁচজনের নেতৃত্বে চক্রটি গাড়ি চুরি, পরিবহণ এবং বিদেশে পাচারের কাজ পরিচালনা করত। গাড়ির পরিচয় গোপন করতে বেআইনিভাবে ভিআইএন নম্বরও বদলে দেওয়া হত।
পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচের বক্তব্য, সংগঠিত গাড়ি চুরি শুধু সম্পত্তির ক্ষতি নয়, আন্তর্জাতিক অপরাধচক্রের অর্থ জোগানেরও একটি মাধ্যম। অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর কয়েকজনকে দেশ থেকে বহিষ্কারের মুখেও পড়তে হতে পারে বলে জানিয়েছে পুলিশ।









