নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল, হুগলির মামলায় কলকাতা হাইকোর্টের রায়

হুগলিতে নাবালিকা ধর্ষণ-খুন মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ধনঞ্জয়ের পর ফের এমন কঠোর রায়, যা সমাজে অপরাধ দমনে বার্তা দেবে।

Share:

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬:  হুগলিতে এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এলেও, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদিন সেই সাজাই বহাল রাখল। ধর্ষণের পর পাঁচ বছরের শিশুটিকে দেওয়ালে ছুড়ে ছুড়ে মারা হয়েছিল, যা শুনে শিউরে উঠছেন সকলে। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর বাংলায় ফের এমন জঘন্য অপরাধে ফাঁসির সাজা বহাল রাখায় এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তবে, অভিযুক্তের সুপ্রিম কোর্টে আবেদনের জন্য হাইকোর্ট এই রায় কার্যকর করার উপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে। মামলার প্রেক্ষাপট ছিল ২০২৪ সালের ২৪ নভেম্বর। হুগলির গুড়াপে এক পাঁচ বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ির সামনে খেলা করার সময় সে হঠাৎই উধাও হয়ে যায়। মেয়েকে খুঁজে না পেয়ে বাবা প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে, প্রতিবেশী অশোক সিংহের বাড়ি থেকে ডাঁই করে রাখা কাঠের নিচে থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা এলাকা।

পুলিশ তদন্তে নেমে অশোক সিংহকেই গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রমাণিত হয়। নিম্ন আদালত প্রথমে এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছিল। সেই রায়ই এবার কলকাতা হাইকোর্ট বহাল রাখল। এই রায় সমাজে অপরাধ দমনে একটি কঠোর বার্তা দেবে বলে মনে করা হচ্ছে, বিশেষত শিশুদের উপর হওয়া নৃশংসতার বিরুদ্ধে।