পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত গ্যাংস্টার নাসিম দুররানি, ডি-কোম্পানির যোগের অভিযোগ

দাউদ ইব্রাহিমের সহযোগী বলে পরিচিত নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত। তবে ঘটনার স্থান, সময় ও সংঘর্ষের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: উত্তর ভারতের অপরাধ জগতের পরিচিত নাম নাসিম দুররানির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফের যৌথ অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি, একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এই গ্যাংস্টার। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও ডাকাতির মতো গুরুতর অভিযোগে ২০টিরও বেশি মামলা ছিল।

৩৭ বছর বয়সি নাসিম দুররানি ওরফে ‘রিজওয়ান’ দীর্ঘদিন ধরেই দিল্লির অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তকারীদের দাবি। সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় সামির নামে এক যুবকের হত্যাকাণ্ডে তাঁর নাম সামনে আসে। গত ১৬ নভেম্বর ২৬ বছর বয়সি ওই যুবককে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। সামির মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন।

এই হত্যাকাণ্ডের পিছনে গ্যাংয়ের পুরনো শত্রুতার যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। নাসিম দুররানি ও হারুন সাইফির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল। এলাকা দখল, জুয়া, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ক্রমশ বাড়ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

ছোটা শাকিলের সঙ্গে যোগাযোগের অভিযোগও রয়েছে ।নাসিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। এমনকি ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার পরিকল্পনায় নাসিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন নাসিম। অপরাধ জগতের একাধিক ঘটনায় তাঁর নাম উঠে আসায় পুলিশের নজরে ছিলেন তিনি। তাঁর মাথার দাম ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব দিল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাসিমের গোষ্ঠীর সঙ্গে রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গোষ্ঠীর সংঘাত ছিল বলে পুলিশের দাবি। এই সংঘাতের সঙ্গে হারুন সাইফির গোষ্ঠীরও যোগ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। এর পর ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থ জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন। সেই হত্যাকাণ্ডে হারুন সাইফি ও তাঁর গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল।

পরপর একাধিক অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরে থাকা নাসিম দুররানির মৃত্যুতে দিল্লি ও উত্তর প্রদেশের গ্যাং সংঘাতের পরিস্থিতি নতুন করে আলোচনায় উঠে এসেছে।