টলিউডে বাজছে বিয়ের সানাই! অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী?

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা। সূত্রের দাবি, নভেম্বরে কলকাতা ও ডিসেম্বরে কালিম্পংয়ে হবে অনুষ্ঠান; সামনে এসেছে রেজিস্ট্রির সম্ভাব্য তারিখও।

Share:

ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : টলিউড পাড়ায় এখন একটাই আলোচনা, একটাই গুঞ্জন — বিয়ে করতে চলেছেন জনপ্রিয় নায়িকা তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী! আর সেই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ভক্তমহলে। সূত্রের দাবি অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বসতে চলেছে মিমির বিয়ের জমকালো আসর। আর সেখানেই শেষ নয়, এরপর পাহাড়ের কোলে আরও এক দফা রাজকীয় আয়োজন! আগামী ৩ ডিসেম্বর কালিম্পংয়ে শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা অনুষ্ঠান। তিন দিন ধরে পাহাড়ে চলবে উৎসব, আনন্দ, হই-হুল্লোড়।

তবু এত গুঞ্জন ও খবর ছড়ালেও বিয়ে নিয়ে মিমি নিজে এখনও নীরব। তিনি প্রকাশ্যে এ বিষয়ে একটি কথাও বলেননি, আর তাঁর এই চুপ থাকাই গুঞ্জনকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যে মিমির মামাবাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় নাকি জোর প্রস্তুতি শুরু হয়েছে, স্থানীয়রাও বিয়ের আয়োজনে ব্যস্ত। ওই এলাকায় সাজো সাজো রব, যা বিয়ের জল্পনাকে আরও জোরালো করছে।

সূত্রের খবর, কলকাতা ও কালিম্পং—দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় আত্মীয়রা দুভাগ হবেন। এক দল কলকাতায়, অন্য দল পাহাড়ে যাবেন। ১২ নভেম্বর মিমির বিয়ের কার্ড প্রকাশ হতেই নেটদুনিয়ায় হইচই পড়ে। এরপর থেকে তিনি নিজ হাতে অতিথি ও ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানাচ্ছেন। কার্ডে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর প্রিয় পোষ্য সারমেয়দের উপস্থিতি, যা মিমির জীবনে তাদের আপনতা আবারও স্পষ্ট করল। তবে এটি মূল বিয়ের আমন্ত্রণপত্র, নাকি শুধু রিসেপশনের কার্ড—তা এখনও অস্পষ্ট। এ বিষয়ে মিমির তরফ থেকে কোনো ব্যাখ্যা মেলেনি।

এদিকে বিয়ের কার্ডের পর এবার রেজিস্ট্রি ম্যারেজের সম্ভাব্য তারিখও সামনে এসেছে। সূত্রের খবর, মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে হতে পারে ২৬ নভেম্বর। অর্থাৎ কলকাতার অনুষ্ঠানের দ্বিতীয় দিনেই রেজিস্ট্রি সারা হবে। পরে ডিসেম্বরে সামাজিক রীতিতে সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী — এমন খবরই ছড়িয়েছে।