ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: বেঙ্গালুরুর যানজটের সমস্যা কমাতে বড় পদক্ষেপ! শহরের বহু প্রতীক্ষিত মেট্রোর ব্লু লাইনে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। এই নতুন মেট্রো পরিষেবা চালু হলে শহরের গুরুত্বপূর্ণ আইটি করিডর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) গত ১০ নভেম্বর থেকে ব্লু লাইনে ট্রায়াল রান শুরু করেছে। বাইয়াপ্পানাহল্লি ডিপো থেকে কে আর পুরম হয়ে বড়নেকুন্দি স্টেশন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। পরবর্তী পর্যায়ে মারাঠাহল্লি পর্যন্ত ট্রায়াল চালানোর পরিকল্পনা রয়েছে।
কোন কোন স্টেশন থাকবে এই রুটে?
প্রায় ৫৮.১৯ কিলোমিটার দীর্ঘ ব্লু লাইনে মোট ২৯টি স্টেশন থাকবে। সেন্ট্রাল সিল্ক বোর্ড, এইচএসআর লেআউট, আগারা, বেল্লান্দুর, মারাঠাহল্লি, বড়নেকুন্দি, কে আর পুরম, হেব্বাল ও ইয়েলাহাঙ্কার মতো গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত হবে এই রুটে।
কবে চালু হবে পরিষেবা?
সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে কে আর পুরম পর্যন্ত প্রথম পর্যায়ের পরিষেবা ২০২৭ সালের মাঝামাঝি চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। অন্যদিকে, বিমানবন্দর পর্যন্ত সম্পূর্ণ রুট চালু হওয়ার সম্ভাবনা ২০২৮ সালের মার্চ নাগাদ। তবে সবটাই নির্ভর করছে প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের উপর।









