ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: মালদহের চাঁচল থানার পিছনে অস্থায়ী গোশালা তৈরি করেছে পুলিশ। সেখানে আপাতত উদ্ধার হওয়া ছটি গরু ও একটি মোষের থাকার ব্যবস্থা হয়েছে। চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের উদ্যোগে বাঁশের কাঠামোয় ছাউনি দিয়ে এই আশ্রয় তৈরি করা হয়েছে। পশুগুলির জন্য রাখা হয়েছে খড়-বিচুলি। থানার পুলিশ শুধু তাদের নিরাপদে রাখেনি, খাবার ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করছে।
সম্প্রতি মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি ছোট লরিতে করে গবাদি পশুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। গাড়িটিতে ছটি গরু এবং একটি মোষ ছিল। তাদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ তোলে বজরং দলের সদস্যরা। তাঁদের দাবি, তাঁরা গরু পাচারের চেষ্টা রুখে দেন। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পশুগুলিকে উদ্ধার করে। উদ্ধারের পর পশুগুলিকে কোথায় রাখা হবে, তা নিয়ে ব্যবস্থা নেয় পুলিশ। থানার পিছনে বাঁশ লাগিয়ে মাথার উপরে ছাউনি তৈরি করা হয়েছে। সেখানে গরু-মোষগুলির থাকার উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। গোশালায় খড়-বিচুলি রাখা হয়েছে, যাতে পশুগুলিকে খাবার দেওয়া যায়। গোটা ব্যবস্থার দেখভাল করছেন আইসি জয়দেব ঘোষ। মালদহে গরু বোঝাই গাড়ি আটক ও পশু উদ্ধারের ঘটনা নতুন নয়। তবে থানার মধ্যেই উদ্ধার হওয়া গবাদি পশুর জন্য আশ্রয় তৈরি করে তাদের দেখভালের ব্যবস্থা করায় পুলিশের এই উদ্যোগ নজর কেড়েছে।
বজরং দলের সদস্যরা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন। উদ্ধার হওয়া পশুগুলির পরিচর্যা ও নিরাপত্তার দায়িত্ব আপাতত চাঁচল থানার পুলিশের হাতে রয়েছে। পুলিশের তরফে তাদের খাবার ও পরিচর্যার ব্যবস্থা নিয়মিত চালিয়ে যাওয়া হচ্ছে।









