অভিষেকেই আগুন! ৪ বলে ৪ উইকেট, ইতিহাস লিখলেন রেলওয়েজের জামশেদ আলম

টি২০ অভিষেকেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে টানা চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রেলওয়েজের ২৩ বছরের পেসার জামশেদ আলম।

Share:

ব্যুরো নিউজ,২২শে নভেম্বর ২০২৬ : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন রেলওয়েজের ২৩ বছরের তরুণ পেসার জামশেদ আলম। অভিষেক ম্যাচেই যা করে দেখালেন তিনি, তা বহু অভিজ্ঞ বোলারের কাছেও স্বপ্নের মতো। টানা চার বলে চার উইকেট! হ্যাঁ, ঠিকই শুনছেন। এক ওভারের মধ্যে সৌরাষ্ট্রের ব্যাটিং লাইনআপকে একাই তছনছ করে দিলেন এই তরুণ ফাস্ট বোলার।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল বেশ স্বাভাবিক। প্রথমে ব্যাট করতে নেমে রেলওয়েজ ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের লড়াকু স্কোর তোলে। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্রও ভালোই এগোচ্ছিল। কিন্তু তারপরই শুরু হয় জামশেদ-ঝড়।

চতুর্থ ওভারে বল হাতে নেমেই ইতিহাস গড়েন জামশেদ। তাঁর দ্রুত গতির সামনে সৌরাষ্ট্রের ব্যাটাররা টিকতেই পারেননি। পরপর চার বলে হরবিক দেশাই, প্রেরক মানকড়, রুচিত আহির ও সম্মর গজ্জরকে ফেরান তিনি। চার বলে চার উইকেট! স্টেডিয়াম নিস্তব্ধ, উত্তেজনা চরমে।

কিন্তু জামশেদ এখানেই থামেননি। পরের ওভারে সিদ্ধার্থ রানাকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। মাত্র ৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নিয়ে নিজের অভিষেককে চিরস্মরণীয় করে রাখলেন এই তরুণ। শেষ পর্যন্ত তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩.৫ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট।

এই ম্যাচে জামশেদ একাধিক রেকর্ড গড়েন। টি-টোয়েন্টি অভিষেকেই টানা চার বলে চার উইকেট নেওয়া বিশ্বের মাত্র দ্বিতীয় বোলার তিনি। এই কীর্তিতে ভারতীয়দের মধ্যে তিনি তৃতীয়। আগে অভিমন্যু মিথুন (২০১৯, হরিয়ানার বিপক্ষে) ও দর্শন নালকান্ডে (২০২১, কর্নাটকের বিপক্ষে) এমন কৃতিত্ব দেখিয়েছেন। এবার তাঁদের সঙ্গে জামশেদের নামও এই তালিকায় যুক্ত হলো।

মাত্র ২৩ বছর বয়সে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং। তাই জামশেদ আলমকে নিয়ে কৌতূহল এখন চরমে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, ভারত হয়তো পেল তাদের নতুন পেস সেনসেশন। এই ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ আসা নিশ্চিত।