একসময় শ্রোতাই মেলেনি! ৪৪ বছর পর GTA VI-তে বাংলার ‘আজ শনিবার’

GTA VI-এর Worldwide FM-এ জায়গা পেয়েছে রূপা বিশ্বাসের ১৯৮২ সালের বাংলা ডিস্কো গান ‘আজ শনিবার’। গানের ইতিহাস ও নতুন করে চর্চায় আসার গল্প পড়ুন।

Share:

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: একসময় নিজের গানের ক্যাসেট খুঁজতে দোকানে দোকানে ঘুরতে হয়েছিল তাঁকে। অথচ সেই গানই আজ পৌঁছে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমের মঞ্চে! কথা হচ্ছে গায়িকা রূপা বিশ্বাসের ১৯৮২ সালের বাংলা ডিস্কো গান ‘আজ শনিবার’ নিয়ে। চার দশকেরও বেশি সময় পর রকস্টার গেমসের বহুল আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো VI’ (GTA VI)-তে জায়গা করে নিয়েছে এই গান।

১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এর অন্যতম আকর্ষণ ছিল ‘আজ শনিবার’। অ্যালবামটির সুর ও সংগীত আয়োজন করেছিলেন সরোদশিল্পী আশিস খান। বাংলা গানের সঙ্গে ডিস্কো, ফাঙ্ক এবং পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন ঘটেছিল এই অ্যালবামে। কিন্তু মুক্তির সময় প্রত্যাশিত সাফল্য পায়নি সেটি। হতাশ হয়ে সংগীতজগৎ থেকেও অনেকটা দূরে সরে যান রূপা।

পরবর্তী সময়ে সংগীতপ্রেমী ও আন্তর্জাতিক ডিজেদের হাত ধরে নতুন করে পরিচিতি পায় গানটি। ২০১৬ সালে ইউটিউবে আপলোড হওয়ার পর ধীরে ধীরে বাড়ে জনপ্রিয়তা। কানাডার সংগীতশিল্পী ও ডিজে ড্যান স্নেইথ, যিনি কারিবু নামেও পরিচিত, তাঁর পরিবেশনাতেও জায়গা পায় এই গান।

এবার GTA VI-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে ‘আজ শনিবার’। ফলে বাংলা গানের এই পুরনো সুর পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক গেমারদের কানে। একসময় যে গান শ্রোতার অভাবে হারিয়ে যেতে বসেছিল, আজ সেটিই বিশ্বমঞ্চে বাংলার সংগীতের পরিচয় বহন করছে।