ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার, ২০২৬ সালের ২২ নভেম্বর সকালটা ভারতের পরমাণু শক্তির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ, ঠিক এই দিনেই কর্ণাটকের কাইগা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কেজিএস-1 রিঅ্যাক্টর ফের ক্রিটিক্যালিটি অর্জন করেছে। অর্থাৎ, রিঅ্যাক্টরের হৃদপিণ্ডে আবার শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া। দীর্ঘ ৬০০ দিনের নীরবতার পর ফের ধুকপুক করতে শুরু করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পারমাণবিক ইউনিট।
পরমাণু শক্তি নিগম লিমিটেড (এনপিসিআইএল ) রবিবার সামাজিক মাধ্যমে জানিয়েছে, বড় রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজ শেষে রিঅ্যাক্টরটি আবার চালু হয়েছে। ২০২৫ সালের ১ এপ্রিল ইউনিটটি বন্ধ করা হয়েছিল, যাতে এটি আরও নিরাপদ, আধুনিক ও শক্তিশালী হয়। এ সময় রিঅ্যাক্টরের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অংশ বদলানোর মতো জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ করা হয়।
আসল চমকটি হলো, এত বড় কাজের পরও মাত্র ৬০০ দিনে ক্রিটিক্যালিটি অর্জন করা সহজ নয়। এনপিসিআইএল – এর দাবি, ভারতের পারমাণবিক ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। এর আগে কোনো ভারতীয় রিঅ্যাক্টর এত বড় সংস্কারের পর এত অল্প সময়ে এই পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ, ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা যা করেছেন, তা অসাধারণ ও গর্বের বিষয়।
কিন্তু ক্রিটিক্যালিটি বলতে কী বোঝায়? অনেকের মনেই এ প্রশ্ন জাগে। সহজ কথায়, ক্রিটিক্যালিটি হলো রিঅ্যাক্টরের সেই অবস্থা, যখন বিভাজনে সৃষ্ট নিউট্রন পরবর্তী বিভাজন ঘটাতে শুরু করে। এভাবেই নিয়ন্ত্রিতভাবে শৃঙ্খল বিক্রিয়া চলতে থাকে। এটি ইঞ্জিন চালু করার মতো। ইঞ্জিন চালু হলেই গাড়ি ছোটে না; তেমনি ক্রিটিক্যালিটি অর্জন মানেই বিদ্যুৎ উৎপাদন শুরু নয়।
KGS-1 পুরোপুরি চালু হলে দক্ষিণ ভারতের বিদ্যুৎ গ্রিডে ২২০ মেগাওয়াট মূল্যবান জোগান ফিরবে, মত বিশেষজ্ঞদের। এতে কর্ণাটক ও প্রতিবেশী রাজ্যগুলিতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে, লোডশেডিংয়ের আশঙ্কা কমবে এবং শিল্প-কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সহজলভ্য হবে। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গেও জড়িত।









