ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: ঘুরতে যাওয়া মানেই আর শুধু পাহাড়, সমুদ্র কিংবা দর্শনীয় স্থানে ছবি তোলা নয়! বদলে যাচ্ছে ভারতীয়দের ভ্রমণের ধরন। কেউ খুঁজছেন নির্জন পাহাড়ি পরিবেশ, কেউ আবার ছুটির দিনে বেরিয়ে পড়ছেন এক দিনের ছোট্ট সফরে। কারও পছন্দ ওয়েলনেস রিট্রিট, আবার কেউ একাই পাড়ি দিচ্ছেন অচেনা গন্তব্যে। সম্প্রতি গুগলের প্রকাশিত ২০২৬ সালের ট্রাভেল ট্রেন্ডে উঠে এসেছে এমনই বেশ কিছু চমকপ্রদ তথ্য।
১. ওয়েলনেস ট্রাভেলে বিপুল আগ্রহ: গুগলের তথ্য অনুযায়ী, ভারতে ‘Wellness Travel India’ সংক্রান্ত সার্চ বেড়েছে ১৬০০ শতাংশ। অন্যদিকে, ‘Fitness Trip’ সার্চ বেড়েছে ৯৫০ শতাংশ। নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য ‘Silent Retreat’-এর খোঁজও বেড়েছে ১৫০ শতাংশ।
২. জনপ্রিয় হচ্ছে এক দিনের ভ্রমণ: দীর্ঘ ছুটির অপেক্ষা না করে অনেকেই বেছে নিচ্ছেন ছোট সফর। ‘1 Day Trip Near Me’ সার্চ বেড়েছে ১৩০ শতাংশ। এই ক্ষেত্রে মহারাষ্ট্রে আগ্রহ সবচেয়ে বেশি।
৩. অচেনা জায়গার প্রতি আকর্ষণ: পর্যটকদের ভিড় এড়িয়ে নতুন জায়গা খুঁজছেন অনেকে। ‘Hidden Gems India’ সার্চ বেড়েছে ৪০০ শতাংশ।
৪. বাড়ছে সোলো ট্রাভেল: একা ঘুরতে যাওয়ার পরিকল্পনাও জনপ্রিয় হচ্ছে। সোলো ট্রাভেল গাইড, একা ভ্রমণের উপযুক্ত জায়গা এবং খরচ নিয়ে বাড়ছে সার্চ। পাশাপাশি ‘Travel Community’ সার্চও বেড়েছে ৪০০ শতাংশ।
৫. অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ: মিউজিক ফেস্টিভ্যাল, হাইকিং, প্রকৃতির মাঝে সময় কাটানো কিংবা স্থানীয় সংস্কৃতি উপভোগ—এমন বিশেষ অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নতুন ভ্রমণ পরিকল্পনা। পাশাপাশি ‘AI for Travel’ সার্চ বেড়েছে ৬০০ শতাংশ।
সব মিলিয়ে গুগলের রিপোর্টের ইঙ্গিত, ২০২৬ সালে ভারতীয়দের কাছে ভ্রমণের অর্থ বদলাচ্ছে। শুধু কোথায় ঘুরতে যাবেন, তা নয়—সেখানে কী অভিজ্ঞতা হবে, সেটাই হয়ে উঠছে বেশি গুরুত্বপূর্ণ।









