সমুদ্রেই আটকে গেল ১০০ ক্ষেপণাস্ত্রের চালান! বাংলাদেশে যাচ্ছিল চীনের রহস্যময় জাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনী চীন থেকে বাংলাদেশে যাওয়া একটি জাহাজ থেকে ৪০৫ টন বিপজ্জনক সোডিয়াম পারক্লোরেট ও লক্ষ লক্ষ অনিবন্ধিত সিম কার্ড উদ্ধার করেছে। আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ২৩শে নভেম্বর ২০২৬ : কমোরোসের পতাকাবাহী জাহাজ এমভি স্টার লাইন দেখতে সাধারণ পণ্যবাহী জাহাজ হলেও, এর ভেতরে ছিল ভয়ংকর এক চালান। গত ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলের কাছে উত্তর সুমাত্রার সমুদ্রে জ্বালানি নিতে থামে জাহাজটি। সেখানেই আসল ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ লক্ষ্য করে, জাহাজটি বারবার নির্ধারিত পথ থেকে সরছে, চলাচল ছিল অত্যন্ত সন্দেহজনক। দ্রুত যোগাযোগ করে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য: কাগজে যা লেখা, বাস্তবে মাল তার সাথে মেলে না।!

জাহাজে মোট ৩৬টি কন্টেনার ছিল। এর মধ্যে ১৫টি খুলতেই কর্মকর্তারা স্তম্ভিত—ভেতরে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানিতে ব্যবহৃত হয়। ইন্দোনেশীয় নৌবাহিনীর হিসাবে, এতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। একটি জাহাজে ১০০ ক্ষেপণাস্ত্রের কাঁচামাল!

কিন্তু চমক এখানেই শেষ নয়। আরও ৫৪টি প্যালেটে পাওয়া গেছে লক্ষ লক্ষ অনিবন্ধিত, খালি ৪জি এলটিই সিম কার্ড। যার কোনো বৈধ কাগজ নেই, কোনো পরিচয় নেই। প্রশ্ন উঠছে, এই সিম কার্ডগুলো দিয়ে কী করা হতো? গোপন যোগাযোগ? নাশকতা? নাকি আরও বড় কোনো পরিকল্পনা?

জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের কাঁচামাল আর গোপন সিম কার্ড বাংলাদেশে কার হাতে যাওয়ার কথা ছিল? কে ছিল এই চালানের আসল মালিক? কেন এত গোপনীয়তা? কেন রুট বদলে বারবার বিভ্রান্ত করার চেষ্টা?

এই ঘটনাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। তদন্ত চলছে জোরকদমে। একটাই কথা এখন সবার মুখে, সমুদ্রপথে এত বড় ষড়যন্ত্রের চালান আটকে দিয়ে ইন্দোনেশিয়া হয়তো অজান্তেই আটকে দিয়েছে অনেক বড় এক বিপদকে!