ব্যুরো নিউজ, ২৩শে নভেম্বর ২০২৬ : উত্তর কোরিয়ার ইতিহাসের পাতায় এমন একটি দিন এর আগে কখনও লেখা হয়নি। প্রায় তিন দশক পর এই প্রথমবার, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত হয়ে বিদেশি রাষ্ট্রদূতদের হাত থেকে পরিচয়পত্র বুঝে নিলেন। আর এই চিত্তাকর্ষক মুহূর্তের নীরব দর্শক হয়ে রইলেন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সঞ্জীব জৈন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) সূত্রে খবর, ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার কেন্দ্রীয় কমিটির সদর দফতরে বসেছিল এই জমকালো অনুষ্ঠান। সেখানে একে একে মোট ১০টি দেশের নতুন রাষ্ট্রদূত তাঁদের নিয়োগপত্র তুলে দিলেন কিম জং উনের হাতে। ভারত ছাড়াও ছিলেন ইন্দোনেশিয়া, সুইডেন, ভিয়েতনাম, রাশিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র, ফিলিপিন্স, থাইল্যান্ড এবং বাংলাদেশের রাষ্ট্রদূতরা।
এই অনুষ্ঠান শুধুই একটা আনুষ্ঠানিকতা ছিল না, এটা ছিল উত্তর কোরিয়ার তরফে এক বড় বার্তা। বিশেষ করে ভারতের ক্ষেত্রে। কূটনৈতিক মহলের মতে, দীর্ঘদিন পর কিম জং উনের এইভাবে সামনে এসে ভারতীয় রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা মানেই হলো, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে পিয়ংইয়ং। দিল্লি-পিয়ংইয়ং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা বললেও ভুল হবে না।
অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব জৈন যখন তাঁর নিয়োগপত্র পেশ করলেন, তখন কিম জং উন তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং একসঙ্গে ছবিও তোলেন। পরে সব রাষ্ট্রদূতদের সঙ্গে গ্রুপ ছবিতেও দেখা যায় তাঁকে। কিম জং উন রাষ্ট্রদূতদের অনুরোধ করেন, তাঁদের মাধ্যমে যেন তাঁদের নিজ নিজ দেশের নেতা ও জনগণের কাছে তাঁর আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।
একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, আন্তর্জাতিক আইন এবং উত্তর কোরিয়ার নিয়ম অনুযায়ী কূটনীতিকদের সমস্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতরা তাঁদের দেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।









