ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : বালুরঘাট পুরসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্প্রতি ১৫১ জন গৃহহীন উপভোক্তার হাতে বাড়ির অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। সোমবার বালুরঘাট পুরসভার সুবর্ণতট থেকে এই অনুমোদনপত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরসভা জানিয়েছে, প্রকৃত গৃহহীন ও যোগ্য উপভোক্তারাই যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
অতীতে আবাস যোজনা নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি অনুদান পাওয়া বা একই জায়গায় একাধিকবার টাকা পাইয়ে দেওয়ার মতো ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা। নির্বাচিত এই ১৫১ জন উপভোক্তা বাড়ি তৈরির জন্য মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
তবে পুরো অর্থ একবারে দেওয়া হবে না। নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। এই উদ্যোগের ফলে আবাসন প্রকল্পে স্বচ্ছতা ফিরবে বলে আশা করা হচ্ছে।









