ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু চরিত্র থাকে, যা যেন বিশেষ একজন অভিনেতার জন্যই তৈরি। তেমনই এক বিরল সুযোগ এসেছিল প্রখ্যাত অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ের কাছে, যা হয়তো স্বয়ং মহানায়ক উত্তম কুমারও পাননি। ‘বরযাত্রী’ ছবিতে ‘গণশা’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।
জন্ম থেকেই তাঁর কথায় হালকা তোতলানো ভাব ছিল, আর গণশা চরিত্রটিও ছিল তোতলার— ফলে চরিত্রটি যেন তাঁর সঙ্গে একাকার হয়ে গিয়েছিল এবং তুমুল সাড়া ফেলেছিল। আদি ভিটে ঢাকার বিক্রমপুরে হলেও, জন্মসূত্রে ও বেড়ে ওঠায় কালী বন্দ্যোপাধ্যায় ছিলেন আপাদমস্তক কলকাতারই মানুষ। কলকাতার লেক মার্কেটে ছিল তাঁদের পৈতৃক ভিটে। বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতিষ্ঠিত আইনজীবী, আর মা ভবানী দেবী ছিলেন গৃহবধূ।
এগারো ভাইবোনের বড় সংসারে বেড়ে ওঠা কালীবাবু ছোটবেলা থেকেই ফুটবল, লাঠিখেলা আর ছোরাখেলায় দারুণ পটু ছিলেন। অভিনেতা হিসেবে কালী বন্দ্যোপাধ্যায়কে প্রথম যে ছবি দর্শকের কাছে চেনালো ও জনপ্রিয়তা দিল, সেটি ছিল ‘বরযাত্রী’। এই ছবিতে গণশা চরিত্রে তাঁর অভিনয় তাঁকে রাতারাতি পরিচিতি এনে দেয়। যদিও প্রকৃত অভিনেতা হিসেবে পূর্ণ স্বীকৃতি পেতে তাঁকে আরও দশটি বছর অপেক্ষা করতে হয়। বাংলা সিনেমার এই অন্য ইতিহাস আজও বহু দর্শকের কাছে অজানা।









