নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে ভয়াবহ লরি দুর্ঘটনা, মৃত ৩! আহত ১১, পড়ুয়াদের নিয়ে বাড়ছে উদ্বেগ

নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে ভয়াবহ লরি দুর্ঘটনায় মৃত ৩ চা শ্রমিক, আহত ১১ স্কুল পড়ুয়া। পুলিশ সুপার ও ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে ভয়াবহ লরি দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা শ্রমিক। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। সোমবার বিকেলে স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়ি ফেরানোর পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আপার চ্যাংমারি এলাকার স্কুল পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি লরি ব্যবহার করা হচ্ছিল। কয়েকজন পড়ুয়াকে নামিয়ে দেওয়ার পরেও লরিটিতে প্রায় ১২ থেকে ১৩ জন পড়ুয়া ছিল। বাগানের ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শী সুন্দর ছেত্রী জানিয়েছেন, সেই সময় ঘরের সামনে কয়েকজন বসেছিলেন। লরিটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখে কয়েকজন দ্রুত সরে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপাণি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী। পরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

ডিআইজি জানিয়েছেন, মোট ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।