দমদম পুরসভায় ভাঙচুর ও দুর্ব্যবহারের অভিযোগ, ঘিরে চাঞ্চল্য

দমদম পুরসভায় ঢুকে ভাঙচুর ও অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর, পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: দমদম পুরসভায় ঢুকে ভাঙচুর ও অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় ৪০-৫০ জন যুবক ১৫-২০টি বাইকে করে এসে জোর করে পুরসভায় ঢোকে। অ্যাডমিনিস্ট্রেটরের ঘরে ঢুকে তাঁকে হুমকি দেওয়া হয় এবং পুরসভার কাঁচের প্যানেল ভাঙচুর করা হয়।

পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর জানিয়েছেন, তাঁর ঘরে কাজ করার সময় হঠাৎই ওই যুবকরা ঢুকে পড়ে। তাদের সঙ্গে রাজেশ সাহা ও সুজয় সাহা নামে দু’জন ছিলেন, যারা বিজেপির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। যুবকরা নিজেদের মনোনীত লোকেদের কথায় পুরসভা চালানোর ফরমান জারি করে। প্রতিবাদ করায় অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কাগজপত্রও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুরসভার কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সাধারণ মানুষও ভয়ে বেরিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমদমের বিধায়ক। তিনি গোটা ঘটনা দমদম থানাকে জানিয়েছেন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানাবেন বলে জানান। বিধায়ক বলেন, “পুরসভার মতো সরকারি জায়গায় এমন ভাঙচুর ও দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

পুলিশ ইতিমধ্যেই পুরসভার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, ফুটেজে বেশ কয়েকজনের মুখ স্পষ্ট দেখা গিয়েছে এবং তাদের শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনে তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দমদমে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযুক্তরা বিজেপির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠলেও, বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।