বিজেপি নেতা খুনের এক সপ্তাহেই অভিযুক্তের বাড়িতে বুলডোজার, দুর্গাপুরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

দুর্গাপুরে বিজেপি নেতা খুনের এক সপ্তাহের মধ্যেই মূল অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার। প্রশাসন অবৈধ নির্মাণের দাবি করলেও, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: বিজেপি নেতা খুনের এক সপ্তাহের মধ্যেই মূল অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার। দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে সোমবার দুপুরে বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। যদিও প্রশাসনের দাবি, এই পদক্ষেপের সঙ্গে খুনের ঘটনার কোনও সম্পর্ক নেই। বাড়িটি অবৈধভাবে তৈরি হওয়ায় নিয়ম মেনেই ভাঙা হয়েছে।

তবে বিজেপি বিধায়কের কড়া হুঁশিয়ারির মাত্র এক সপ্তাহের মধ্যে এই বুলডোজার অভিযান ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। গত ১০ তারিখ রাতে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাস। অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় বিজয় নন্দী, অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে বিজয় নন্দীকে মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে। খুনের পরই পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি হুঁশিয়ারি দিয়েছিলেন, জড়িতদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এরপরই সোমবার দুপুরে মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িতে বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বাড়ি নির্মাণের বৈধ অনুমতি না থাকায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিশের কোনও সন্তোষজনক জবাব মেলেনি। এরপর দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং বাড়ি ভাঙার কাজ শুরু করে। বিডিও দেবদ্বীপ বৈরাগী বলেছেন, “সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হয়েছিল, কোনও নথি দেখাতে পারেননি। সেই কারণেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।”

তবে বিজেপি নেতা খুনের মামলার মূল অভিযুক্তের বাড়িতে প্রশাসনের এই বুলডোজার অভিযান স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে খুনের তদন্ত, অন্যদিকে বাড়ি ভাঙার প্রশাসনিক পদক্ষেপ—দুইয়ের সময়গত যোগসূত্র নিয়েই এখন এলাকায় জোর চর্চা চলছে। যদিও প্রশাসন তাদের অবস্থানে অনড়, বাড়ি ভাঙার একমাত্র কারণ অবৈধ নির্মাণ।