ভিড় এড়িয়ে ঘুরে আসুন ওড়িশার আঠমল্লিক! গভীর জঙ্গল আর ইতিহাসের অজানা গল্প

ওড়িশার অফবিট গন্তব্য আঠমল্লিক। গভীর অরণ্য, জলাধার আর হারিয়ে যাওয়া রাজ্যের ইতিহাস নিয়ে এই রহস্যময় স্থানটি শীতের ছুটিতে আদর্শ। জানুন কীভাবে যাবেন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: ওড়িশার পরিচিত পর্যটনকেন্দ্রগুলির বাইরেও রয়েছে অনেক অচেনা গন্তব্য। তেমনই এক অফবিট ঠিকানা হলো আঠমল্লিক। নির্মল প্রকৃতি, ঘন জঙ্গল আর অসংখ্য জলাশয় দিয়ে ঘেরা এই রহস্যময় স্থানটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আদর্শ।

শীতের ছুটিতে যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য আঠমল্লিক এক দারুণ বিকল্প হতে পারে। মহানদীর তীর, পাহাড়, উষ্ণ প্রস্রবণ এবং হারিয়ে যাওয়া দেশীয় রাজ্যের ইতিহাস নিয়ে গড়ে উঠেছে এই আঠমল্লিক। একসময় এটি ব্রিটিশ শাসনাধীন একটি প্রিন্সলি স্টেট ছিল। স্থানীয় ইতিহাস ও লোককথা অনুযায়ী, একাদশ শতকে কদম্ব বংশের রাজা প্রতাপ দেও এখানে একটি জায়গির প্রতিষ্ঠা করেন। পরে রাজ্যের এক শাসক অঞ্চলটিকে আটটি ভাগে ভাগ করে প্রতিটি অংশের দায়িত্বে একজন করে স্থানীয় প্রধান বা ‘মল্ল’ নিযুক্ত করেন।

এই আটজন মল্লের নাম থেকেই ‘আঠমল্লিক’ নামটির উৎপত্তি হয়েছে বলে প্রচলিত রয়েছে। উনিশ শতকে মহানদী ছিল ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যপথ। সম্বলপুর থেকে কটক, এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার ক্ষেত্রেও এই নদীপথ ব্যবহার করা হতো। আঠমল্লিক পৌঁছাতে হলে প্রথমে ট্রেনে করে আঙ্গুল বা বোইন্ডা আসতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছনো সম্ভব। ভুবনেশ্বর স্টেশন থেকেও সরাসরি গাড়ি ভাড়া করে যাওয়া যায়।