ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির দুনিয়ায় ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশ্বজুড়ে AI সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়ে নানা সংশয় তৈরি হলেও ভারতীয় AI স্টার্টআপগুলিতে বিনিয়োগের পরিমাণ কার্যত দ্বিগুণ! Tracxn Technologies-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ভারতের AI সংস্থাগুলি ইক্যুইটি ফান্ডিং হিসেবে পেয়েছে ১.৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮২২ মিলিয়ন ডলার। অর্থাৎ বিনিয়োগ বেড়েছে প্রায় ৯৬ শতাংশ।
২০১৯ সালের পর থেকে প্রথম ৯ মাসের হিসাবে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। তবে উল্লেখযোগ্য বিষয়, গত বছরের ১৪৯টি বিনিয়োগের রাউন্ডের তুলনায় এ বছর তা কমে হয়েছে মাত্র ৮৭টি। অর্থাৎ অল্প কয়েকটি বড় চুক্তিই বিনিয়োগ বৃদ্ধিতে প্রধান ভূমিকা নিয়েছে।
এই তালিকায় সবচেয়ে বড় চমক মুম্বই। বেঙ্গালুরুকে পিছনে ফেলে AI বিনিয়োগের নিরিখে দেশের শীর্ষ শহর হয়েছে মুম্বই। মুম্বইয়ের AI ক্লাউড সংস্থা Neysa ফেব্রুয়ারিতে ৬০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বেঙ্গালুরুর Sarvam জুনে ২৫৫ মিলিয়ন এবং আগস্টে আরও ৯০.৪ মিলিয়ন ডলার পেয়েছে। অন্য দিকে, Yotta জুলাইয়ে সংগ্রহ করেছে ১৫০ মিলিয়ন ডলার।
বিশ্বব্যাপী AI বিনিয়োগের পরিমাণ যেখানে ৩৮৩.৫ বিলিয়ন ডলার, সেখানে ভারতের অংশ মাত্র ০.৪ শতাংশ। তবু এই বৃদ্ধি ভারতীয় AI শিল্পের সম্ভাবনাকে নতুন করে সামনে আনছে।









