বন্দে ভারতে খাবারের মেনুতে কাটছাঁট! বাদ পড়ল স্যুপ, মিষ্টি, স্যালাড

তিন বন্দে ভারত স্লিপার রুটে ছোট খাবারের মেনুর ট্রায়াল চালাচ্ছে IRCTC। জানুন কোন রুটে চলছে পরীক্ষা এবং মেনু সম্পর্কে কী জানা গিয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: ট্রেনে সফরের সময় খাবারের বাহার আর আগের মতো থাকছে না! বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের জন্য খাবারের মেনু ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা বাড়াতেই পরীক্ষামূলকভাবে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। আপাতত দেশের তিনটি বন্দে ভারত স্লিপার রুটে এই নিয়ম কার্যকর হয়েছে।

২০২৬ সালের ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক ব্যবস্থার আওতায় রয়েছে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী রুট।

নতুন নিয়মে মুম্বই-বেঙ্গালুরু রুটের যাত্রীরা প্রাতরাশে চাটনি ও সাম্বারের সঙ্গে ইডলি-ভাদা, পোহা অথবা উপমার মধ্যে একটি বেছে নিতে পারবেন। দুপুর ও রাতের খাবারে থাকবে রুটি, ভাত, ডাল এবং একটি প্রধান পদ। নিরামিষ খাবারের পাশাপাশি চিকেনের বিকল্পও থাকছে।

তবে বাদ পড়েছে বেশ কিছু পরিচিত পদ। প্রাতরাশ থেকে সরানো হয়েছে স্যুপ, এগ অমলেট, অমলেট স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ঘোল ও চকোলেট। দুপুর ও রাতের খাবারে আর থাকছে না আলাদা শুকনো তরকারি, দই, স্যালাড, আচার ও মিষ্টি।

শুধু পদসংখ্যাই নয়, একটি মিলের মোট ওজনও ৭০০-৭৫০ গ্রাম থেকে কমিয়ে ৪৫০-৫০০ গ্রাম করা হয়েছে। যদিও IRCTC-র দাবি, প্রতিটি পদের পৃথক পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

খাবারের মান নিয়ন্ত্রণে ক্লাউড কিচেনের সাহায্য নেওয়া হচ্ছে। যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে ভবিষ্যতে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই ব্যবস্থা চালু হতে পারে।