সবজির ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, আগ্নেয়াস্ত্র-সহ ফারাক্কায় ধৃত দুই যুবক

ফারাক্কার নিউ ফরাক্কায় সবজির ব্যাগ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। সোমবার গভীর রাতে নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এই অভিযান হয়। ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছে তল্লাশি চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রভাত রঞ্জন কুমার (২৮) এবং মিঠুন কুমার (২৯)। দুজনেই বিহারের বাসিন্দা। সোমবার রাতে জাতীয় সড়কের ধারে তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। পরে তাঁদের সঙ্গে থাকা একটি সবজির ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে নিউ ফরাক্কায় এসেছিল ধৃতরা। সেখানে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা যুবককে অস্ত্রের ‘স্যাম্পেল’ দেখানোর পরিকল্পনা ছিল তাদের। অস্ত্র পছন্দ হলে এবং সেগুলি ক্রেতার কাছে কার্যকর কি না, তা যাচাই করার পরেই চূড়ান্ত লেনদেন করার কথা ছিল বলে মনে করছে পুলিশ।

তবে এই পরিকল্পনা নিয়ে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কার কাছে অস্ত্রগুলি পৌঁছনোর কথা ছিল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পিছনে বড় কোনও অস্ত্র পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।