মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর

তমলুকের মথুরি গ্রামে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্র বিক্রম সাউয়ের।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : সংসারের আর্থিক অনটন কাটিয়ে নতুন করে পড়াশোনার স্বপ্ন দেখছিল সে। চলছিল মাধ্যমিকের প্রস্তুতিও। কিন্তু মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালেই মৃত্যু হল দশম শ্রেণির পড়ুয়া বিক্রম সাউয়ের (১৫)। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার মথুরি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রম মথুরী কল্যাণীকা বিদ্যাভবনের ছাত্র ছিল। বর্তমানে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছিল সে। তার বাবা মাছের ব্যবসার সঙ্গে যুক্ত এবং মা ইটভাটায় শ্রমিকের কাজ করেন। আর্থিক সমস্যার কারণে কিছুদিন আগে পড়াশোনার পাশাপাশি ফুলের কাজে যোগ দিতে হয়েছিল বিক্রমকে। তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে স্কুলের শিক্ষক এবং স্থানীয় গৃহশিক্ষকরা বিনা পারিশ্রমিকে তাকে পড়ানোর আশ্বাস দেন। এরপর কাজ ছেড়ে ফের পড়াশোনায় মন দিয়েছিল সে।

জানা গিয়েছে, সম্প্রতি মায়ের সঙ্গে এক অসুস্থ আত্মীয়কে দেখতে তমলুক হাসপাতালে গিয়েছিল বিক্রম। সেখান থেকে বাড়ি ফিরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে সমস্যায় পড়ে। চার্জ না হওয়ায় বৈদ্যুতিক বোর্ড খুলে নিজেই মেরামতির চেষ্টা করছিল সে। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। কোনওরকমে বাইরে বেরিয়ে মাকে বিষয়টি জানানোর পরই মাটিতে লুটিয়ে পড়ে।

তড়িঘড়ি তাকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। শোকস্তব্ধ গোটা গ্রাম।

উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দাঁড়িয়া হরিমূল এলাকায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্রাণ হারান ১৯ বছরের সমীরণ সরদার। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বৈদ্যুতিক কাজের সময় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠছে।