ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : সোমবার রাতটা রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর জন্য মোটেই শান্তির ছিল না। NCP ডায়াসপোরা অ্যালায়েন্স ইউকে-র আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয়েছিল বাংলাদেশের সাংসদ ও NCP নেতা নাহিদ ইসলামের সম্মানে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হতেই বাইরে অপেক্ষায় থাকা আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ হঠাৎ করেই রূপ নিল হাতাহাতি আর সংঘর্ষে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা পরিণত হলো রণক্ষেত্রে। চিৎকার, ধাক্কাধাক্কি, পাল্টা ধাওয়া — লন্ডনের বুকে যেন নেমে এলো ঢাকার রাজপথের উত্তাপ!
NCP-র মিডিয়া সেলের দাবি, এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের অভিযোগ একেবারে স্পষ্ট — অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরীহ উপস্থিতদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা। নাহিদ ইসলাম নিজেও একই অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এটা কোনো সাধারণ বিক্ষোভ ছিল না, এটা ছিল পরিকল্পিত হামলা। আর তাই তিনি ব্রিটেনের কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের জোরালো আবেদন জানিয়েছেন।
তবে NCP-র দাবি অনুযায়ী, সংঘর্ষ শুরু হওয়ার আগেই নাহিদ ইসলাম নিরাপদে স্থান ত্যাগ করতে সক্ষম হন। আর ব্রিটেনে থাকা NCP নেতা-কর্মীদের কড়া প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত হামলাকারীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। অর্থাৎ, শেষ মুহূর্তে মাঠ ছাড়তে হয়েছে আওয়ামী লীগ সমর্থকদেরই।
আসলে ব্রিটেনে NCP নেতাদের বিরুদ্ধে এই বিক্ষোভ নতুন কোনো ঘটনা নয়। ডেইলি স্টার-এর প্রতিবেদন বলছে, এর আগেও ব্রিটেন সফরে আসা জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগের সমর্থকেরা। সেই ছাত্রনেতারাই তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরে গঠন করেছিলেন NCP। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে ভয়াবহ হিংসাত্মক বিক্ষোভের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সেই আগুন যে এখনো নেভেনি, লন্ডনের এই সংঘর্ষই তার সবচেয়ে বড় প্রমাণ।
এখনো পর্যন্ত ব্রিটিশ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশ্ন একটাই — লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত কতদূর পৌঁছাবে?









