ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : ফের বড় ধাক্কা আসতে চলেছে বিশ্ব বাণিজ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার ভারত-সহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক চাপানোর কথা ভাবছে। আর সেই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর অর্থাৎ ইউএসটিআর-এর এক বিস্ফোরক তদন্ত। ওই দেশগুলিতে অতিরিক্ত শিল্প উৎপাদনক্ষমতা রয়েছে কিনা এবং সরকারি ভর্তুকির মাধ্যমে সেখানকার শিল্পকে অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছে ইউএসটিআর। এই তদন্তের ফল বুধবার প্রকাশ্যে আসতে পারে বলে খবর। আর ফল যদি প্রশাসনের পক্ষে যায়, তাহলে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় আমদানি হওয়া অধিকাংশ পণ্যের উপরেই নেমে আসতে পারে শুল্কের বোঝা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে রিপোর্টে।
ভারত, চিন ছাড়াও তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। অর্থাৎ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র থেকে এশিয়ার উদীয়মান অর্থনীতি—কেউই বাদ নেই। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় এই তদন্ত চলছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক আমদানি কর বাতিল করেছে। এবার সেই কর বাতিলের বদলে আসতে পারে এই নতুন শুল্ক। অর্থাৎ আইনি বাধায় আটকে ওয়াশিংটন ভিন্ন পথে যেতে চাইছে।
তবে সব দেশের শুল্ক এক হবে না, এমন ইঙ্গিত মিলছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, ইইউ, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরনো মিত্রদের ওপর শুল্ক ১৫ শতাংশ বা তার কম রাখা হতে পারে। ভারত ও ভিয়েতনামের ক্ষেত্রে শুল্ক অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে, যা দিল্লির উদ্বেগ বাড়াচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য আলোচনা চলছে ভারতের, এবং প্রতিদ্বন্দ্বী এশীয় দেশগুলোর তুলনায় শুল্কে কিছু সুবিধা আদায় করাই তার লক্ষ্য। কিন্তু আগেই ভারী শুল্ক চাপলে আলোচনা আরও জটিল হতে পারে এবং দর-কষাকষিতে ভারত চাপে পড়তে পারে।









