ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে বড়সড় নেতৃত্ব পরিবর্তন। দীর্ঘ প্রায় এক দশক দায়িত্ব সামলানোর পর CEO পদ ছাড়ছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। বুধবার সংস্থার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। ততদিন সংস্থার দায়িত্ব সামলাবেন চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার বালাজি থিয়াগরাজন এবং সংস্থার পরিচালন পর্ষদ।
২০১৭ সালের জানুয়ারিতে ফ্লিপকার্টের CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কল্যাণ। এর আগে ২০১৬ সালে তিনি সংস্থায় ফিরে এসেছিলেন। তাঁর নেতৃত্বে ফ্লিপকার্টের ব্যবসা পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থা। অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বিক্রেতা ও গ্রাহকদের জন্য একাধিক নতুন পরিষেবা চালু করেছে সংস্থাটি। জনপ্রিয় ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলকেও দেশের অন্যতম বৃহৎ উৎসবকালীন অনলাইন শপিং ইভেন্টে পরিণত করার কৃতিত্ব দেওয়া হচ্ছে তাঁকে।
তাঁর বিদায়ের সময় ফ্লিপকার্টের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ সংস্থার বহু প্রতীক্ষিত IPO। ওয়ালমার্টের অধীনস্থ এই ই-কমার্স সংস্থা দীর্ঘদিন ধরেই শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিয়ে আলোচনা চালাচ্ছে। পাশাপাশি কর্মীদের ESOP-এর মূল্য নগদে পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কল্যাণের বিদায়ে ফ্লিপকার্টের ভবিষ্যৎ নেতৃত্ব এবং IPO-র পরিকল্পনা কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।









