তামিলনাড়ুতে পেপসিকোর ৮৬৮ কোটির বিনিয়োগ! তৈরি হবে ৬৫০ কর্মসংস্থান

তামিলনাড়ুর মানাপ্পারাইয়ে ৮৬৮ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা গড়ছে পেপসিকো। সেখানে লে’জ ও কুরকুরে তৈরি হবে, কাজের সুযোগ হবে প্রায় ৬৫০টি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: দক্ষিণ ভারতে ব্যবসার পরিধি আরও বাড়াতে বড়সড় পদক্ষেপ করল বহুজাতিক সংস্থা পেপসিকো। তামিলনাড়ুর মানাপ্পারাইয়ে নতুন খাদ্যপণ্য উৎপাদন কারখানা তৈরির জন্য ৮৬৮ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে সংস্থাটি। এই কারখানায় তৈরি হবে জনপ্রিয় স্ন্যাকস ব্র্যান্ড লে’স (Lay’s) এবং কুরকুরে (Kurkure)। প্রকল্পের হাত ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬৫০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তামিলনাড়ুর কান্নুদাইয়ানপট্টি গ্রামের SIPCOT ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২৮ একর জমির উপর গড়ে উঠবে এই গ্রিনফিল্ড উৎপাদন কেন্দ্র। উন্নত উৎপাদন ও গুদামজাতকরণ পরিকাঠামো-সহ কারখানাটি দক্ষিণ ভারতের বাজারে পণ্য সরবরাহ আরও দ্রুত ও সহজ করবে।

পেপসিকো ইন্ডিয়া জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে স্থানীয় কৃষি ও শিল্পক্ষেত্রও উপকৃত হবে। বিশেষ করে আলু ও ভুট্টার মতো কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে কাজের সুযোগ বাড়বে। পাশাপাশি প্যাকেজিং, কার্টন, ল্যামিনেট, বায়োমাস এবং অন্যান্য সহযোগী শিল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিও লাভবান হতে পারে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে ভারতে মোট ৫,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে পেপসিকোর। মধ্যপ্রদেশ, অসম ও তামিলনাড়ুতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

সংস্থার দাবি, দক্ষিণ ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। নতুন কারখানার মাধ্যমে এই অঞ্চলে ব্যবসায়িক উপস্থিতি আরও মজবুত করতে চায় তারা।