ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : বুধবার বিকেলে আসানসোলের ইসমাইলের গুরু নানক পল্লিতে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির মুখে পড়ল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রতাপ দাস ওরফে প্যাঁওয়ের বিরুদ্ধে। গুলিতে দেওয়ালে ফুটো হয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুঠপাট-সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে প্রতাপকে ধরতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পুলিশের একটি দল এলাকায় পৌঁছয়। বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটি ঘটে। পুলিশ বাড়িতে পৌঁছতেই প্রতাপ তাদের উপস্থিতি টের পায়। পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করার সময় সে গুলি চালায় বলে অভিযোগ। কোনওরকমে নিজেদের বাঁচান পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয়দের দাবি, দিনের বেলা গুলি চলার পর অনেকে বাড়ির ভিতরে চলে যান, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রাস্তায় লোকজন কমে যায়। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বাসিন্দাদের একাংশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পালিয়ে যাওয়া প্রতাপের খোঁজে আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করেছে।
আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, বিভিন্ন রাস্তায় চলছে নাকা চেকিং। সম্ভাব্য ডেরা ও তার পরিচিতদের কাছে খোঁজ নেওয়ার পাশাপাশি রেল স্টেশন এবং বাসস্ট্যান্ডেও নজর রাখা হচ্ছে, যাতে সে এলাকা ছেড়ে পালাতে না পারে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে অভিযান চলছে। গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াও চলছে।









